তুমি যেখানেই থাকো না কেন, তোমার বৈভব আমাকে
প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং কাঁদায়-হাসায় এবং ভাবায়
রজনীগন্ধা ডেকে বলে : আবার দেখা হবে প্রতিদিন
রুপালি তারার দেশে।
তুমি যতোই উপমার হাসি ফোটাও, লাল-নীল দিগন্তে
তোমার অমীমাংসিত আত্মা অনন্তে অনন্তে ছড়ায়
পৃথিবীর যাবতীয় সন্দেশ। পুঁইকুমড়ো ডেকে বলে :
দেখা হবে পোড়োভিটায়।
তুমি যতোই স্বপ্ন দেখাও ভালোবাসা ও নরসুন্দরের
তোমার যাত্রার পদধ্বনি এখনো মুছে যায়নি এই জুলুম
জরার ধরা থেকে। জাতীয় দোয়েল ডেকে বলে : আবার
দেখা হবে প্রাণে প্রাণে।
