আমাদের মৃত্যু খেলা শুরু হয় জন্মের আগেই
আমরা খেলি আমাদের করোটির বল হূদয়ের মাঠের ওপর
খেলোয়াড়রা হলো আমাদের পুত্রকন্যা আর স্বজনের পাঁজর
তারা খেলে প্রতিপক্ষ মেরুদণ্ডদের সঙ্গে
পাঁজরেরা শর্ট নেয় আর মেরুদন্ডেরা ঠেকায়
মেরুদণ্ডেরা ফাউল করে আর অক্ষিকোটর দেখায় লাল কার্ড
এইভাবে সময় হারিয়ে যায় সময়ের গর্ভে
ফুরিয়ে আসে দর্শক চোয়ালদের উত্তেজনা
কিন্তু কেউ কোনো গোল পায় না
অতিরিক্ত সময়ের খেলায়
করোটিবল ফেটে বেরিয়ে যায় আমাদের প্রাণের রক্তবায়ু
খেলোয়াড় মেরুদণ্ড আর পাঁজরদের পা ভিজে ওঠে মৃত্যুর হাওয়ায়
আর খেলা অমীমাংসিত থাকে গোলশূন্যভাবে
