কেন ভুলে যাই

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:৩৩
কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে হূদয় গভীর থেকে শব্দেরা ভিড় করে, সাজাতে পারিনে। পাতার রঙের সাথে পাতাবাহারের রঙ মিশে যায়, বুঝতে পারিনে। নদীর লাহান নারী পারাপার বেশ জানে, আমি কেন ভুলে যাই জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে নিদারুণ অভ্যাসে তোমার প্রণয়গাথা এলোমেলো কেন হয় জানিনে। ধল পহরের আলো চোখ মেলে দেখেছি তো, এখন সে দেখাটাও ভুলে যাই, পাখির পালক ঝরা বেদনার সুরগুলো কেন ভুলে যাই জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে প্রান্তিক মানুষের সংগ্রামী চেতনায় একাকার ছিলেম আমি, এখন পারিনে কেন বুঝিনে। চাঁদের আলোর রঙ সময়ে সময়ে বদলায়, কখনো তা কালো হয় উঠোন বাড়ির ঘরে কেন যে তা ছুঁতেই পারিনে, জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে রন্ধন প্রক্রিয়া তাও ভুলে গেছি বেশ, লবণের প্রয়োজন বুঝিনি কেন, জানিনে। রোদের উঠোন থেকে বৃষ্টিকে গায়ে মেখে কার যেন বিয়ে হয়—ভুলে গেছি জানিনে। প্রতিবন্ধী যারা তাদের জীবনধারা আমার সমূহ ধারাপাতে ছিল, কোথায় যে হারালাম জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে মধ্য গগন জুড়ে চিলেদের ওড়াউড়ি প্রচণ্ড বিস্ময়ে দেখতাম, এখন তা পারিনে। দুটি পাখি কাছে এসে ভালোবাসা রেখে যায় রোমান্টিকতার রঙে মিশে যায়, কেন, ভুলে গেছি জানিনে, সারারাত ফুল ফোটা অভিসার চলে আমিতো জেগেই থাকি, দেখতে পাইনে কেন জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে এ পথ আমার নয় ভেবে যে পথে রেখেছি পা তার নাম অস্থিরতা, কিছুতেই মনে থাকে না কেন জানিনে। চোখের দৃষ্টি নিয়ে, তোমায় দিলাম যদি তবুও আমার নও তুমি, মানতেই পারিনে। অনন্ত অবধি আমি যোদ্ধা প্রেমিক তোমার সময় থেকে সময়টা চুরি করে বার বার চোর হতে চাই, পথ ভুলে যাই কেন, জানিনে। কি করে যে ভুলে যাই কেনই বা ভুলে যাই জানিনে দুরন্ত ক্যানসার অন্তিম রেখা ধরে টানছে বলে...! জানিনে, আমি জানিনে। এত কিছু ভুলে যাই, সব কেন ভুলিনে তুমি কি তা জানো—আমি জানিনে।।