ডলি ইকবালের মুখোমুখি চিত্রনায়িকা শাবানা

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:৫৯
ঢাকায় এলে সাধারণত নিজের চলচ্চিত্রের কলিগদের সাথেও কথা বলেন না। যদিও এরই ভেতরে মিডিয়ার কল্যাণে শাবানার মুখচ্ছবি অনেকেই পেয়ে গেছেন। তবে ঢকায় এলেই এক বন্ধুর বাসায় তিনি আসেন। এমনকি সেই বন্ধুটিও শাবানার বাসায় যান। তিনি আর কেউ নন। ঢাকার প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ডলি ইকবাল। ডলি ইকবাল বলেন, ‘শাবানা আপা আমাদের পারিবারিক বন্ধুর মতো। তাঁকে বাইরের মানুষেরা যেমনটা রাশভারী হিসেবে চেনেন, শাবানা আপা তা থেকে একেবারেই আলাদা আদলের। যেমন বছর কয়েকের ভেতরে আপার সাথে দেখা হয় এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। এমনিতেই শাবানা আপার এক মেয়ের দুর্ঘটনার কারণে তিনি অনেকটা চুপ হয়ে যান। খুব একটা বাইরে বের হন না। আমরাও আমাদের আড্ডায় কখনো পারিবারিক প্রসঙ্গ আনতাম না। তবে এটা ঠিক আমি, শবনম আপা সবাই খুব করে অনুরোধ করেছি শাবানা আপাকে সিনেমায় আসার জন্য। তাঁর সাথে বারবার বলেছি সিনেমাটা শুরু করার জন্য। অবশেষে শাবানা আপা তাঁর স্বামীকে সাথে নিয়ে এসএস প্রডাকশনের হয়ে একটি যৌথ প্রযোজনার কাজও শুরু করেছিলেন। আমার সাথে দেখা হলেই একটা কথা বলেন তিনি—‘ডলি তুই যে কেন সিনেমায় এলি না? এখন তো আমি আয়নার সামনে দাঁড়ালে আমাকেই চিনতে পারি না। আর তুই দিনকে দিন সুন্দর হচ্ছিস।’ এমন অনেক খুনসুটির গল্প শাবানা আপার সাথে আমার। সর্বশেষ এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সাদিক ভাই শাবানা দম্পতি হাজির। হঠাত্ করেই তিনি আমাদের মধ্যমণি হয়ে গেলেন। অনুষ্ঠান শেষে সবার ফটোশুট আর আড্ডা হলো। নিজের চলচ্চিত্রের বিশ্লেষণ থেকে তিনি এ সময়ের শাকিব খানকে খুব পছন্দ করতেন। তাঁর নতুন কোনো ছবি হলে শাকিবকে নেবেন বলেও কথা দিয়েছিলেন। পারিবারিকভাবে খুবই পরহেজগার এখন। আমি আমেরিকায় গেলে তাঁর বাসায় একবার হলেও যেতাম। তবে আমেরিকায় তিনি খুবই সাবলীল জীবন যাপন করেন। নিজের মতো করেই দারুণ গোছানো এক সংসার। আমাদের দেশে এত এত তারকার কত গসিপের কথা শুনি। কিন্তু শাবানা আপাকে নিয়ে কেউ টু শব্দটিও করতে পারেনি। তবে সাদিক ভাই তাঁর স্ত্রীকে নিয়ে খুব মজা করতেন। একবার পুরোনো ছবির রেকর্ড দেখতে লাগলাম। ঘরভর্তি শাবানার আত্মীয়, এক ছোট্ট নাতিও আছে। টিভি স্ক্রিনে রাজ্জাক শাবানার গান চলছে। তো ওই পিচ্চি (এই মুহূর্তে নামটা মনে আসছে না) হঠাত্ করেই শাবানার দিকে তাকিয়ে বললো, দাদীমা, ওই লোকটাকে তো দাদার মতো লাগছে না। তো ওর সাথে নাচছো কেন? আমরা তো হো হো করে হেসেই কূল পাই না। আমি মনে করি, প্রযোজক বা পরিচালক হিসেবে শাবানার ফিরে আসা উচিত। এ সময় অন্তরালে থাকা উচিত নয়। চলচ্চিত্র জগতে তাঁকে আমাদের খুব প্রয়োজন। 