নতুন উদ্যোক্তা তৈরিতে পৃথক বরাদ্দ থাকছে বাজেটে

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৪৪

আসছে বাজেটে নতুন উদ্যোক্তার ব্যবসা শুরুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে  আর্থিক সহযোগিতা দেওয়ার লক্ষ্যে আলাদা বরাদ্দ থাকছে। কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করে উদ্যোক্তা ওই তহবিল থেকে অর্থায়নের সুযোগ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে উদ্যোক্তা উন্নয়ন তহবিল (ইডিএফ) ও সম মূলধন তহবিল (ইইএফ) নামে তহবিল থাকলেও নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তা খুব একটা কাজে আসেনি। অবশ্য ওইসব তহবিল এবারও থাকছে। তবে নতুন এ তহবিল উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে (স্টার্ট আপ) বিশেষভাবে সহযোগিতা করবে। এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিলের জন্যও বাজেটে আলাদা বরাদ্দ থাকবে। সূত্র জানিয়েছে, এবার বাজেটের স্লোগান হবে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের’। আগামী ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। গত বছর বিদায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বাজেটের স্ল্লোগান ছিল ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’।

দেশে সম্প্রতি কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির ইস্যুটি বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। প্রতিবছর দেশে কর্মবাজারে ২০ লাখের উপরে তরুণ যুক্ত হচ্ছে। এর মধ্যে বড় অংশকেই বেকার হয়ে থাকতে হচ্ছে। তাদের অনেকেই উদ্যোক্তা হতে চাইলেও নানামুখী বাধায় উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে পারছেন না। এক্ষেত্রে অর্থায়ন সমস্যাটি প্রকট আকারে সামনে আসে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, দেশে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির কথা শোনা যায়। সেজন্যই উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার তহবিলের চিন্তা করা হচ্ছে। তবে কী ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করা যাবে, অন্যান্য দেশের অভিজ্ঞতার বিবেচনায় সেই পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে উদ্যোক্তা তৈরি ও তাদের ধরে রাখতে উদ্যোক্তা উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন হলেও তা তেমন একটা খরচ করা যায়নি। বরং যে অর্থ ব্যয় হয়েছিল, তা নিয়েও নানা মহলে প্রশ্ন রয়েছে। এছাড়া উদ্যোক্তাদের জন্য সমমূলধন তহবিল বা ইইএফ গঠন হলেও তাও যথাযথভাবে ব্যয় করা যায়নি। ওই তহবিল থেকে অর্থায়নের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড ছিল আট বছর আর কোনো সুদ ছিল না। কিন্তু প্রকৃত উদ্যোক্তার বদলে একশ্রেণির মানুষের পকেটে ওই তহবিলের অর্থের উল্লেখযোগ্য অংশ চলে গেছে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বেশ কয়েক বছর ওই তহবিল বন্ধ থাকার পর গত বছরের শেষ দিকে তা ইএসএফ বা এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ড নামে চালু হয়েছে। এখন ইএসএফ ফান্ডে সুদের হার দুই শতাংশ। তবে ওই তহবিল থেকে সব ধরনের উদ্যোক্তাদের অর্থ দেওয়া হয় না। খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিভিত্তিক ও তথ্যপ্রযুক্তি খাতে ওই তহবিল থেকে উদ্যোক্তাদের অর্থ সহযোগিতা দেওয়া হয়।