ঈদের বন্ধের সময়ে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির দিনে ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদেরকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া যাচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির দিনসহ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম শেষ হওয়ার পর রাত্রিকালীন সময়ে আকস্মিক ভিত্তিতে কর্মকর্তা কর্তৃক শাখা পরিদর্শন করার ব্যবস্থা করতে হবে। ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতে ব্যাংকের আইটি সিস্টেম, বিভিন্ন স্থাপনা এবং ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের মাধ্যমে পালাক্রমে তদারকির ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিকটবর্তী থানা অর্থাত্ পুলিশ স্টেশন, র্যাব অফিস ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হলো। এছাড়া প্রজ্ঞাপনে ব্যাংকের শাখাসমূহের নিরাপত্তা, আইটি সম্পর্কিত ঝুঁকি বিষয়ে আগের প্রজ্ঞাপনগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
