দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদের কেনাকাটা

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৪৫

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ-উল-ফিতর। আর এ ঈদকে সামনে রেখেই দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল: নগরীর বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখা গেছে, কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ক্রেতারা। এবার ঈদ মার্কেটে এসেছে হরেক রকম বাহারি ডিজাইনের রং-বেরংয়ের পোশাক।

প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্র সদর রোডে নতুন করে যুক্ত হচ্ছে নামী-দামি ব্র্যান্ডের ফ্যাশনগুলো। ঢাকায় সুনামের পর এসব ব্যান্ডের নতুন শাখাগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই আছে। নতুন এ ফ্যাশন হাউসে পাওয়া যাচ্ছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি-শার্ট, থ্রি-পিস, বাচ্চাদেরসহ বিভিন্ন ধরনের ফরমাল ও ক্যাজুয়াল পোশাক।

নগরীর চকবাজার, ভেনাস মার্কেট, জোহরা মার্কেট, মাহমুদ মার্কেট, বেল ইসলামিয়া মার্কেট, সদর রোডের পোশাক বাজার, ফাতেমা  সেন্টার ও সুলভ শপিং সেন্টারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে ক্রেতা-বিক্রেতা সবাই ব্যস্ত সময় পার করছেন।

কুমিল্লা: কুমিল্লায় বড় বড় শপিংমল, বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম আর ছোট-বড় মার্কেটগুলোতে উত্সবমুখর পরিবেশে চলছে কেনাবেচা। বিভিন্ন বয়সের ক্রেতাদের আগমনে মার্কেটগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। এক মার্কেট থেকে আরেক মার্কেটে তারা খুঁজছেন পছন্দের পোশাক আর ঈদের প্রয়োজনীয় অনুষঙ্গ।

ঈদ বাজার করতে আসা নগরীর শাকতলার বাসিন্দা মুন্নী আক্তার জানান, কয়েকটি ব্র্যান্ডের শো-রুমে ঘুরে এসেছি। এগুলোতে দাম খুব বেশি। দেখার জন্য যাওয়া। মূল কেনাকাটা করেছি সাত্তার খান কমপ্লেক্স মার্কেটে। ইস্টার্ণ এয়াকুব প্লাজার মীম শাড়ি বিতানের মালিক সহিদুল ইসলাম বাবুল জানান, এ মার্কেটে এক দর প্রথা চালু করা হয়েছে। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়া বাজারে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। দিন যত ঘনিয়ে আসছে ফ্যাশন হাউজ, বিপণিবিতানগুলোতে জ্যৈষ্ঠের খরতাপের মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন দোকানে দোকানে। এদিকে নিম্নআয়ের মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য ফুটপাতের দোকান থেকে সুবিধামতো কেনাকাটা করছে। অভিজাত পরিবারের মানুষ পছন্দের পোশাক কিনতে ছুটছেন ঢাকা, বরিশাল ও খুলনায়।

ভাণ্ডারিয়া বাজারে বেশ কয়েকদিন ঘুরে দেখা গেছে, তালুকদার বস্ত্রালয়, দীপংকর টেইলার্স অ্যান্ড গার্মেন্টস হাউজ, লেডিস ফ্যাশন, ওমি ফ্যাশন, নিপুন ফ্যাশন, উত্সব গার্মেন্টসসহ মন ঝাঁঝানো বিপণিবিতানগুলোতে নারী-পুরুষ, তরুণ-তরুণীদের ভিড়। মেয়েদের চায়না, ইন্ডিয়াসহ বিদেশি থ্রি-পিস, টপস, ওয়ান পিসের দিকে ঝোঁক বেশি। আর ছেলেদের পছন্দ বাহারি পাঞ্জাবি, পায়জামা, ফতুয়ার সঙ্গে টুপিও। পোশাকের সঙ্গে সঙ্গে ম্যাচিং করে জুতা ও স্যান্ডেল কিনতে দেখা গেছে।

দোকানি দীপংকর রায়, খালিদ, মিজানুর রহমান নিপু ও কবির হাজী জানান, ঈদে প্রথমে শিশু-কিশোরদের কেনাকাটা শেষ করে এখন বাকিদের জন্য কিনতে ব্যস্ত মানুষ।