রংপুর থেকে অপহূত স্কুলছাত্রের খোঁজ ১৫ দিনেও মেলেনি

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:২৫
রংপুর মহানগরের আল মদিনা ইন্সটিটিউটের ৯ম শ্রেণির ছাত্র শরিফুল ইসলাম সাগরের (১৬) অপহরণের ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি। গত ১৩ জুলাই রংপুর মহানগরীর ধাপ চিকলী ভাটা এলাকা থেকে রকি ও তার সহযোগীরা সাগরকে অপহরণ করে নিয়ে যায়। ১৪ জুলাই সকালে সাগরের পিতা নুরুল হুদা বাবুর মোবাইলে ফোন করে রকি ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় সাগরকে ভারতে পাচার করে দেয়ার হুমকি দেয়। ১৫ জুলাই অপহরণকারীদের অবস্থান জানতে পেরে সাগরের আত্মীয়-স্বজন নীলফামারী গিয়ে রকিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গত ১৭ জুলাই নিহত সাগরের পিতা নুরুল হুদা বাবু বাদী হয়ে অপহরণকারী গাজী আল ইমরান রকি, তার পিতা গাজী বুকুল, মা রোকেয়া বেগম এবং তার ফুফাতো ভাই বাবুকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন। অপহূত সাগরকে উদ্ধারের দাবিতে ২০ জুলাই এলাকাবাসী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় তারা বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে। অপহূত শরিফুল ইসলাম সাগরের পরিবারের অভিযোগ, রকি রংপুর কোতয়ালী থানার ওসির আত্মীয় হওয়ায় পুলিশ অপহূত সাগরকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে।