গ্রেফতার আতংকে ৫০টি পরিবার ঈদ আনন্দ বঞ্চিত

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের প্রায় ৫০টি পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ওই গ্রামে নেই ঈদ উত্সবের কোনো আমেজ। কারণ ৫০টি পরিবারের পুরুষরা গ্রেফতার আতংকে এখন গ্রাম ছাড়া। পূর্ব শত্রুতা ও প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধ নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দুল্লী গ্রামের হুমায়ূন কবীর চৌধুরী ও একই গ্রামের শিক্ষক নিজাম উদ্দিন গংদের সঙ্গে এক সংঘর্ষের জের ধরে ১৮ জুলাই শুক্রবার রাতে দুল্লী গ্রামে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ জুলাই ওই গ্রামের কাঞ্চন মিয়া বাদি হয়ে হুমায়ূন কবীর চৌধুরীকে প্রধান আসামি করে ৫৫ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। একই দিন দুল্লী গ্রামের শান্তু মিয়া বাদি হয়ে দুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিনকে প্রধান আসামি করে ৭২ জনের বিরুদ্ধে পৃথক অন্য একটি পাল্টা মামলা দায়ের করেন। উভয়পক্ষের লোকজন পাল্টাপাল্টি মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার আতংকে দুল্লী গ্রাম পুরুষ শূন্য হয়ে যায়। দুল্লী গ্রামে প্রায় ৫০টি পরিবারের পুরুষ লোকেরা মামলার আসামি হয়ে পলাতক থাকায় ওই পরিবারগুলোতে নারী ও শিশুদের মাঝে ঈদের আমেজ ও আনন্দ নেই।