আদমদীঘিতে পিতা-পুত্রসহ পৃথক ঘটনায় সাতজন নিহত

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:২৬
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুত্স্পৃষ্টে পিতা-পুত্রসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। আদমদীঘিতে বিদ্যুত্স্পৃষ্টে পিতা পুত্র নিহত বগুড়ার আদমদীঘিতে গতকাল রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে পিতা বিমল (৫৫) ও পুত্র বিধান (৩৫) নামে দুইজন মারা গেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আদমদীঘির ভেনলা গ্রামের বিমল নন্দ শিয়ালের হাত থেকে খিরা রক্ষা করতে ক্ষেতের চারদিকে তার দ্বারা বেড়া দিয়ে তাতে বিদ্যুতের সংযোগ লাগিয়ে ক্ষিরা চাষ করছে। বিমল ক্ষেতে ক্ষিরা তুলতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। বাবাকে বাঁচাতে গিয়ে পুত্র বিধান এগিয়ে এলে সেও বিদ্যুত্স্পৃষ্টে নিহত হয়। সুজানগরে বজ্রপাতে একই পরিবারে দুইজনের মৃত্যু পাবনার সুজানগরে গতকাল রবিবার সকালে বজ্রপাতে একই পরিবারে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার চরখলিলপুর গ্রামের আকবর আলীর ছেলে মিরাজ হোসেন (৪০) এবং তার চাচাতো ভাই হারেজ আলীর ছেলে শাহজাহান আলী (৩৮)। মিরাজ ও শাহজাহান বৃষ্টির মধ্যে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকায় গতকাল রবিবার ট্রাক চাপায় তাপসী সরকার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। সড়ক পার হতে গিয়ে মোহনগঞ্জগামী একটি মালবাগী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। আমতলীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু বরগুনার আমতলীর গাজীপুর গ্রামে গতকাল রবিবার সকালে ফজর নামাজের জন্য ওজু করতে গিয়ে পানিতে ডুবে পলাশী (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। থানায় ইউডি মামলা হয়েছে। কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দরাকুটি গ্রামে গতকাল রবিবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে রাব্বী (১০) নামে এক শিশু মারা গেছে। বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, রাব্বী নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।