ইউনাইটেডের জয়যাত্রা রিয়ালের হার

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৫
ওয়েইন রুনির দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছেন লুইস ফন গোল। গত শনিবার রাতে তার দল ৩-২ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট রোমাকে। এদিকে, ইংল্যান্ডের মেমোরিয়াল স্টেডিয়ামে দলের সেরা তারকাদের প্রায় সবাইকে বাইরে রেখে খেলতে নামা রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে হেরে গেছে ইন্টার মিলানের কাছে। তবে দুর্দান্ত এক গোলে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন গ্যারেথ বেল। উত্তর আমেরিকা সফরে নিজেদের প্রথম খেলায় মেজর লিগ সকার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে সাত গোলে উড়িয়ে দিয়ে সফরের শুরুটা দারুণভাবে করেছিল ইউনাইটেড। যেটা ছিল নতুন ক্লাবের হয়ে ফন গলের প্রথম ম্যাচ। এবার যদিও, ম্যাচের ফল বলছে দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা। তবে, প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা ইউনাইটেড আসলে দ্বিতীয় ম্যাচেও সহজ জয়ই পেয়েছে। যদিও ম্যাচের শুরুটা ছিল রোমার দখলেই। দারুণ সব আক্রমণে ইউনাইটেড রক্ষণকে বারবারই পরীক্ষায় ফেলছিল তারা। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় ইংলিশ জায়ান্টরা। হুয়ান মাতার বাড়ানো বলে দুর্দান্ত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচের ৩৬ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। দুই মিনিট বাদে মাতার ঋণ শোধ করে দেন রুনি। রুনির কাছ থেকে পাওয়া বল জালে ঠেলে রেড ডেভিলদের পক্ষে ব্যবধান বাড়ান এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হবার আগেই তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা। রোমা বক্সের মধ্যে ড্যানি ওয়েলব্যাককে তাদের নবাগত ডিফেন্ডার আরবি ইমানুয়েলসন ফেলে দিতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় সুযোগটা কাজে লাগান রুনি। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পেলেন এই ইংলিশ স্ট্রাইকার। রোমার পক্ষে ব্যবধান কমান মিরালেম জ্যানিক। ম্যাচের ৭৫ মিনিটে তিনি যে গোলটি করেন সেটা বোধহয় কেবল ভিডিও গেমসেই দেখা সম্ভব। নিজেদের অর্ধে সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে চকিতে শট নেন এই মিডফিল্ডার। স্টেডিয়াম ভর্তি দর্শকদের অবাক করে দিয়ে তার শট আশ্রয় নেয় ইউনাইটেডের জালে! গোলের পরপর টিভি ক্যামেরায় দেখানো হচ্ছিল ইউনাইটেড সহকারী কোচ রায়ান গিগসকে, যিনি তখনও বিস্ময়ে মাথা নাড়ছিলেন। রোমার দ্বিতীয় গোলটি আসে তাদের বর্ষীয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো টট্টির কাছ থেকে। নির্ধারিত সময় শেষ হবার মিনিট খানেক আগে পেনাল্টি থেকে ম্যাচের ফলকে ৩-২ এ পরিণত করেন তিনি। প্রীতি ম্যাচে জয়ের চাইতে অবশ্য ফিটনেস ফিরে পাওয়াটাই বেশি গুরুত্ব পেল রুনির কাছে। হতাশাজনক এক বিশ্বকাপ কাটানো এই তারকা বলেন, ‘দারুণ ৪৫ মিনিট কাটাতে পেরে আমি খুশি। আর গোল পাওয়াটা সব সময়ই আনন্দের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সবাই নিজ নিজ ফিটনেস ফিরে পাচ্ছি। হয়তো আমাদের খেলায় আরো উন্নতি করার সুযোগ ছিল। তবে সব মিলে নিজেদের খেলায় আমরা খুশি।’ এদিকে ক্যালিফোর্নিয়ায় ইন্টারের বিরুদ্ধে রাতটা হতে পারতো বেলের একার। কিন্তু শেষ পর্যন্ত তাকে ম্লানই করে দিয়েছেন ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্ডি। প্রথমে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরানোর পর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণী শটটি জালে ঠেলে, ম্যাচের নায়ক হয়ে উঠেছেন তিনিই। ম্যাচের মাত্র ১০ মিনিটে রিয়াল এগিয়ে যায় বেলের গোলে। নিজেদের সীমানা থেকে বল নিয়ে অবিশ্বাস্য গতিতে প্রতিপক্ষের গোলসীমানায় প্রবেশ করেন এই ওয়েলস তারকা। এরপর গোল পোস্টের ৩০ ফুট দূর থেকে তিনি যে শটটি নেন, সেটা ঠেকানোর উপায় ছিল না ইন্টার গোলরক্ষক স্যামির হ্যান্দানোভিকের। ইন্টার সমতায় ফেরে রিয়াল রক্ষণের ভুলে। ইউনাইটেড থেকে মাত্রই ইন্টারে নাম লেখানো নেমানজা ভিদিসকে নিজেদের বক্সের মধ্যে ফেলে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার রুবেন সবরিনো। পেনাল্টিকে গোলে পরিণত করেন ইকার্ডি। এরপর ২-২ সমতায় থাকা টাইব্রেকারের পঞ্চম শটটিও একইভাবে গোলে পরিণত করেন তিনি। রাতের আরেকটি ম্যাচে থিয়েরি অরির বর্তমান দল নিউইয়র্ক রেড বুলস হারিয়েছে তার সাবেক দল আর্সেনালকে। ম্যাচের একমাত্র গোলটিও আসে অরির পাস থেকেই। ইংলিশ তারকা এবং মেজর লিগ সকারের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত ওয়েইন রাইট ফিলিপস অরির কর্নার থেকে করেন ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি।-এএফপি