কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০৫ বছরের বৃদ্ধ বিপিন চন্দ্র বর্মনের শেষ আকুতি, ‘মোর কত বয়স হইলে মুই বয়স্ক ভাতা পাইম বাহে!’
বিপিন চন্দ্র বর্মন উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি বসুনিয়ারছড়া গ্রামের মৃত খোলা রাম চন্দ্র বর্মনের ছেলে। তার চার ছেলে এক মেয়ে। ছেলেমেয়ে সবার বিয়ে হয়েছে। তিন ছেলের আলাদা সংসার। ছোট ছেলে সনজিত্ চন্দ্র দিনমজুরের কাজ করে কোনো রকমে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে সংসার চালাচ্ছেন। বাকি তিন ছেলেও দিনমজুর। বড় তিন ছেলে বৃদ্ধ বাবা-মার তেমন খোঁজখবর নেয় না। বিপিন চন্দ্র একটি মাত্র বয়স্কভাতার জন্য এক যুগেরও বেশি সময় ধরে মেম্বার-চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরেও পাননি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মোর (আমার) জীবনটা অভিশপ্ত বাহে। কিন্তু বয়স ১০৫ হইল তাও মোর কপালে ভাতা জুটলো না। তিনি সমাজের কাছে প্রশ্ন করেন, মোর কত বয়স হইলে মুই বয়স্ক ভাতা পাইম (পাব) বাহে?’’
এ ব্যাপারে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান বাবু জানান, বিপিন চন্দ্র কীভাবে বয়স্কভাতা থেকে বাদ পড়লেন বুঝলাম না। তিনি বয়স্কভাতা পাওয়ার যোগ্য। ওই ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে তার বয়স্কভাতার ব্যবস্থা গুরুত্ব সহকারে করা হচ্ছে।
