এক মাস রোজাশেষে অফুরান খুশি ও আনন্দের সওগাত নিয়ে মানুষের দুয়ারে দাঁড়িয়ে আছে ঈদ। আজ সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মানবিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। তবে ৩০ রোজা হলে ঈদ হবে আরো একদিন পরে বুধবার।
সারাদেশে ঘরে ঘরে এখনি প্রাণে প্রাণে আনন্দের রোশনাই বইছে। খুশিতে গুঞ্জরিত হচ্ছে:‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ঈদ আরবী শব্দ, যার অর্থ উত্সব, আনন্দ এবং খুশি। পবিত্র মাহে রমজানের রোজার শেষে এই খুশির সওগাত নিয়েই এসেছে ঈদ -উল -ফিতর। এ মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই রমজান মাসটি রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাহে রমজান শেষে ঈদের চাঁদ দেখামাত্র ছোট-বড়, ধনী-গরিব প্রতিটি মুসলমানের হূদয়ে বইবে আনন্দের ঝর্ণাধারা। ধ্বনিত হবে: ‘ঈদ মোবারক’, ’আসসালাম।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। তিনি বলেছেন, চান্দ্র মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। যদি আকাশে মেঘ থাকায় চাঁদ দেখা না যায় তবে ৩০ দিনে মাসের গণনা পূর্ণ করে তবে হবে ঈদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেছেন যে, সংযম সাধনার পর ঈদের দিনে রোজাদারগণ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। ঈদ মুসলমানদের মধ্যে এবং একইসাথে মানবজাতির ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে তোলে এবং সমপ্রীতি জোরদার করে। ধনী-গরিব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে এক কাতারে শামিল করিয়ে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহংকারসহ সব অন্যায়-পাপ মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয় পবিত্র ঈদ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের এ অনাবিল আনন্দকে আপনজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানীর প্রায় অর্ধ কোটি মানুষ ছুটছে গ্রামের দিকে। শত ঝক্কি-ঝামেলা, বাধা-বিপত্তি- তবু যেতে হবে বাড়ি। মাটির মায়ায়, নাড়ির টানে ঘরমুখো মানুষ ছুটছে তো ছুটছেই। লঞ্চ-স্টিমার, বাস, ট্রেন, বিমান এমনকি ট্রাকে চেপেও মানুষ ছুটে চলেছে আপন ঠিকানার পানে। উপচেপড়া ভিড়, যানবাহনে ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। ঘরমুখো মানুষের ঢল আজই রাজধানীকে ফাঁকা করে দিচ্ছে। মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদ-উল-ফিতর এখন দোরগোড়াই। ধনী-দরিদ্র, ছোট-বড়, সাধারণ মানুষ সব মহল ইতিমধ্যেই ঈদ উদযাপনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। সবাই শেষ করেছে ঈদের কেনা-কাটাও। পবিত্র ঈদ উপলক্ষে আজ ৩ দিন সরকারি ছুটি শুরু হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক বিবৃতিতে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সংবাদপত্রগুলোও ইতিমধ্যেই বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াও ঈদ উপলক্ষে আয়োজন করেছে সপ্তাহব্যাপী অসংখ্য বর্ণাঢ্য অনুষ্ঠানের।
