জাসদের দুই অংশকে জোটেও রেখেছে, আসনও দিয়েছে আওয়ামী লীগ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:৫৪

বিভক্ত জাসদের দুই অংশকেই ১৪ দলীয় জোটে রেখেছে আওয়ামী লীগ। এমনকি একাদশ সংসদ নির্বাচনে দুই অংশকে ইতোমধ্যে পাঁচটি আসনে ছাড়ও দেওয়া হয়েছে। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদকে তিনটি এবং শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদকে আওয়ামী লীগ দু’টি আসনে ছাড় দিয়েছে বলে জানা গেছে। তবে জাসদের এই দুই অংশই আশা করছে, আওয়ামী লীগ থেকে তারা আরও আসনে ছাড় পাবেন। 

উল্লেখ্য, জাসদের সর্বশেষ কাউন্সিলে দলটি দুই ভাগে বিভক্ত হয়। ইনুর জাসদ নির্বাচন কমিশনে নিবন্ধিত হলেও আম্বিয়ার জাসদ নিবন্ধিন পায়নি। এই কারণে আম্বিয়াসহ তার দলের নেতারা সরাসরি আওয়ামী লীগ থেকে প্রত্যয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।  

জানা গেছে, জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ আসনে ও  দলটির বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে বগুড়া-৫ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। শিরীন আখতার জানিয়েছেন, আওয়ামী লীগ এ পর্যন্ত তিনজনকে দিয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ (কালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। অবশ্য এই আসনে দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র পেয়েছেন বর্তমান এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি। আম্বিয়ার পর তাদের দল থেকে চট্টগ্রাম-৮ আসনে ‘নৌকা’র প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র নিয়েছেন মইনুদ্দিন খান বাদল। বাদল এই আসনের বর্তমান সংসদ সদস্য। শরিফ নুরুল আম্বিয়াও জানান, এ পর্যন্ত তাদেরকে দু’টি আসন দেওয়া হয়েছে, আশা করছেন আরও পাবেন।

ইত্তেফাক/এমআই