উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সুশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)। আইসিসিবি’র ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এই অভিমত দেয়া হয়েছে। সম্পাকীয়তে বলা হয়, পর্যাপ্ত অবকাঠামো, জ্বালানি, দক্ষ জনশক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ উচ্চ প্রবৃদ্ধির জন্য প্রাথমিক শর্ত। আর এগুলো নিশ্চিত করতে সুশাসন নিশ্চিত করা আবশ্যক।
সম্পাদকীয়তে জানানো হয়, বেসরকারি খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক। বিগত দুই দশকে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন এবং তা অব্যাহত রাখার ক্ষেত্রে অবদান রেখেছে এই খাত। কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কমপক্ষে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করার পাশাপাশি জিডিপিতে বিনিয়োগের হার ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে। এর জন্য ব্যবসা সহায়ক পরিবেশ আবশ্যক। অথচ রাজনৈতিক অস্থিতিশীলতা, সুশাসনের অভাব এবং অনুন্নত অবকাঠামোর জন্য বিগত দুই বছর ধরে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে। বিদেশি বিনিয়োগও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছেনি। শিল্প এবং অবকাঠামো খাতে বিনেয়াগ আকর্ষণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার কমানো উচিত বলেও সম্পাদকীয়তে মন্তব্য করা হয়। আইসিসিবি আরো মনে করে, বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য জ্বালানি, রাস্তাঘাট নির্মাণ এবং পানি সরবরাহ বাড়াতে বড় ধরনের অর্থ ব্যয় করা প্রয়োজন। এছাড়া মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষ জনশক্তি উন্নয়নেও ব্যাপক সরকারি বিনিয়োগ করা দরকার।
