বিরোধী দলীয় নেতা ও খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৫
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাকে তিনি ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন গতকাল রবিবার দুপুরে ঈদ শুভেচ্ছা কার্ডটি রওশন এরশাদের বাসায় পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতার পক্ষে তার রাজনৈতিক সচিব গোলাম মসিহ এ কার্ড গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শমীম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন গতকাল রবিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে ঈদ কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষে এ ঈদ কার্ড গ্রহণ করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এর আগে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন। ২ নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাত্ না হলেও ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে গত কয়েক বছর ধরে শুভেচ্ছা বিনিময় করে আসছেন।