রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৫
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের নামে সংগ্রহিত অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশ সেন্টার। গত মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে আট হাজার পাউন্ডের চেক (প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা) প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অভিযোগ রয়েছে, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের নামে অর্থ তুলে সে অর্থ দিয়ে সেন্টারের বকেয়া বিদ্যুত্ বিল পরিশোধ করেছেন সেন্টারের পরিচালকরা। এ নিয়ে কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব জানান, রানা প্লাজা দুর্ঘটনার পরপরই নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেন্টারের আহবানে কমিউনিটি এগিয়ে আসেন। হতাহতদের কল্যাণে যাতে এই অর্থ যথাযথভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা জমা দেয়া হলো।