জেলা স্বাস্থ্য বিভাগে সম্প্রতি এক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিতরা গতকাল রবিবার পিরোজপুর সিভিল সার্জন অফিসে তালা লাগিয়ে দিয়েছেন।তারা এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় সিভিল সার্জন অফিসে নিয়োগপত্র নিতে আসা নতুন চাকরিপ্রাপ্তদেরও অফিস ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচির নেতৃত্বদানকারী স্থানীয় সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ও চাকরি প্রার্থী মো. কাইয়ুম হাসান (সোহেল) জানান, এ নিয়োগ সঠিক হয়নি। এতে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা মানা হয়নি। সদ্য যোগ দেয়া সিভিল সার্জন ডা. ফখরুল আলম জানান, পিরোজপুর ছাড়াও ২৫টি জেলায় পরীক্ষা নিয়ে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বিভাগীয় ও মহাপরিচালকের দপ্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পিরোজপুর জেলায় ৭৪টি পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত মহা-পরিচালকের দপ্তরের মাধ্যমে পাওয়া গেছে। যাদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগদান করতে হবে। এদিকে চাকরি বঞ্চিত প্রার্থীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছেন। সিভিল সার্জন অফিসের নিয়োগ বিষয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল সাংবাদিকদের জানান, অসচ্ছতা ও অনিয়মের মধ্য দিয়ে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন হাসপাতাল ও মাঠ পর্যায়ে কর্মচারী ও স্বাস্থ্য সহকারী পদে জেলায় মোট ৭৪টি পদে এ নিয়োগের সিদ্ধান্ত হয়।
