সাগর থেকে মত্স্য আহরণের উপর বিধিনিষেধ আরোপ করায় জেলেরা সাগরে নামতে পারছে না। ফলে উখিয়ার হাটবাজারগুলোতে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের আকাল। স্থানীয়ভাবে উত্পাদিত কিছু মাছ যেমন ছোট চিংড়ি, তেলাপিয়া, বোয়াল, বাজারে বিক্রি হলেও দাম হাকা হচ্ছে আকাশ ছোঁয়া। এতে ক্রেতা সাধারণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। পাশাপাশি ৬৫ দিন সাগরে বোট নামাতে না পারায় জেলে পরিবারদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও উত্কণ্ঠা। ইনানী ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো. শফিউল আলম জানান, সরকার ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ রাখায় উপকূলের প্রায় ১০ হাজার জেলে পরিবারকে আর্থিক দৈনদশায় পড়তে হবে। পবিত্র ঈদুল ফিতরের আগেই হঠাত্ করে মাছ ধরা বন্ধ রাখায় ঐসব পরিবারের ছেলেমেয়েরা ঈদের খুশি থেকে বঞ্চিত হবে।
