নৌ প্রটোকল চুক্তির আওতায় এবার ১০ হাজার টন খাদ্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে প্রথম দফায় পাঁচ হাজার টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে বর্তমানে মংলা বন্দরের কাছে অবস্থান করছে। ঈদের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে এই খাদ্যপণ্য খালাস করে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রস্তুতি নিয়েছে বিআইডাব্লিউটিএ। আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম জানান, ভারতীয় খাদ্যপণ্য জাহাজ থেকে খালাস করে ত্রিপুরায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
