ঢাকা-বরিশাল নৌপথে অজ্ঞান পার্টি আতংক

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৭
ঈদে ঘরে ফেরা মানুষগুলো অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে শুরু করেছেন। এ কারণে ঢাকা-বরিশাল নৌপথে আসা যাত্রীদের মধ্যে অজ্ঞান পার্টির আতংক দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ঢাকা থেকে বরিশালে আসা বেশ কয়েকজন লঞ্চ যাত্রীর কাছ থেকে অজ্ঞান পার্টি সদস্যরা সবকিছু লুট করে নিয়েছে। পুলিশের কঠোর নজরদারির মধ্যেও গতকাল রবিবার ভোর রাতে শুধু একটি লঞ্চেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ৮ জন। এদের মধ্যে ঢাকার মধ্য পাইকপাড়ার মেহেদী (৩৭), তার স্ত্রী আঁখি (২৮), বাকেরগঞ্জের জালালসহ (৫০), অজ্ঞাত ৫ জন রয়েছেন। তাদের সবাইকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন মধ্য পাইকপাড়ার মেহেদী জানান, তারা শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালে আসার জন্য কীর্তনখোলা-২ লঞ্চে ওঠেন। এরপর রাতে অনেকের সাথে কথা হয়। সকালে জ্ঞান ফিরলে তারা নিজেকে হাসপাতালে দেখতে পান।