ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এ এম মাহফুজা খাতুন বেবী মওদুদের মৃত্যুতে গতকাল রবিবার এক শোক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সংগ্রামে তার সক্রিয় ভূমিকার কথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিঃসন্দেহে অনুভব করবে। উল্লেখ্য, বেবী মওদুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে রোকেয়া হল ছাত্রী সংসদের অন্যতম সদস্য হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর শোক
সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সভাপতি চলচ্চিত্র নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুম পারভেজ রুবেল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেতার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা পরিমল ঘোষ রঞ্জিত গতকাল এক শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের সকল শাখা ও সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে পাঠানো এ শোক বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়। বেবী মওদুদের ‘বঙ্গবন্ধু শৈলী’ আচরণ ধ্যান-ধারণা সবাইকে অনুপ্রেরণা জোগাবে।
