ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কন্যাদহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, ওই গ্রামে দুই মাতুব্বরের দুইটি সামাজিক দল আছে। ওই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল বিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ কর্মী জাহিদ মন্ডলের আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা আছে। বৃহস্পতিবার সকালে উভয় দলের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তিনি বলেন, দুইপক্ষই আওয়ামী লীগ সমর্থক।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।
