না’গঞ্জ কারাগারে সাধারণ বন্দী হিসেবে মুজাহিদের ঈদ উদযাপন

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:১৭
জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ গতবারও ভিআইপি ছিলেন। কিন্তু মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড প্রদানের কারণে তিনিও এখন সাধারণ বন্দী। নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা মুজাহিদ এবার সাধারণ বন্দীদের মতই ঈদুল ফিতর উদযাপন করেছেন। তার সঙ্গে রয়েছে আরো ৯০৭ বন্দী। ঈদের দিন তাদের জন্য করা হয়েছিল বিশেষ খাবারের ব্যবস্থা। বন্দীদের আত্মীয়-স্বজনরাও এসে দেখা করেছেন তাদের সাথে। দিয়েছেন তাদের পছন্দের খাবার। ঈদের দিন থেকে ৩ দিন পর্যন্ত বন্দীদের স্বজনেরা বাসা থেকে রান্না করা খাবার দিতে পারবে বন্দীদের। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলর ফোরকান বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে কোনো ভিআইপি বন্দী নেই। সাধারণ বন্দী রয়েছে ৯০৮ জন। বন্দীদের ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সবাইকে সকালে পায়েশ ও মুড়ি দেয়া হয়। দুপুরে দেয়া হয়েছিল ভাত, মাছ ও জেলখানার বিখ্যাত খাবার আলুর দম। আর রাতে দেয়া হয় পোলাও, মাংস, চমচম ও কোমল পানীয় এবং পান। জেলর আরও জানান, ৯০৮ জন বন্দীর মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সবাই সকাল ৯টায় একসাথে ঈদের নামাজ আদায় করেছেন।