এভারটনে স্থায়ী হলেন লুকাকু

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:২৬
স্ট্রাইকার রোমেলো লুকাকু দুই কোটি ৮০ লাখ পাউন্ডে (সাড়ে তিন কোটি ইউরো) চেলসি থেকে পাঁচ বছরের চুক্তিতে এভারটনে গেছেন। গত মৌসুমে ধারে এভার্টনে খেলতে গিয়ে ১৫ গোল করেছিলেন বেলজিয়ামের ২১ বছর বয়সী খেলোয়াড়টি । নতুন মৌসুমে তাকে ফিরিয়ে নিতে চেলসি কোচ হোসে মরিনহো অনাগ্রহের কারণেই এভারটনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন লুকাকু। অ্যান্ডারলেখট থেকে ২০১১ সালের আগস্টে এক কোটি ৮০ লাখ পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে এসেছিলেন লুকাকু। কিন্তু চেলসির হয়ে তিনি কেবল ১৫টি ম্যাচ খেলতে সক্ষম হন। এভার্টন কোচ রবার্তো মার্টিনেজ তার সম্পর্কে বলেন, ‘এই চুক্তিটি কেবল চলতি মৌসুমের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এটা এই ফুটবল ক্লাবটির ইতিহাসেও গুরুত্বপূর্ণ একটা দিন।’ অপরদিকে লুকাকু চুক্তি সইয়ের পর বলেন, ‘আমার বয়স কেবল ২১। আমার ভাল একটা দলে খেলা দরকার। আমাকে এমন এক জায়গায় খেলতে হবে যা কিনা যথার্থ বলে অনুভূত হবে। দলটি ফিরে আসার ব্যাপারে আমি খুব দ্রুতই সিদ্ধান্ত নেই। আমি এ জায়গাটাকে নিজের অংশ মনে করি।’ লুকাকুর যোগদানের মধ্য দিয়ে খেলোয়াড় কেনা বাবদ এভার্টনের আগের রেকর্ডটি ভেঙ্গে গেল। এর আগে বেলজিয়াম জাতীয় দলের আরেক খেলোয়াড় মারাউনে ফেলাইনিকে নিতে এভারটন দেড় কোটি পাউন্ড ব্যয় করেছিল। এবার লুকাকুকে নিতে সেটা ছাড়িয়ে যায় গুডিসন পার্কের ক্লাবটি। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ শেষে লুকাকুসহ অন্যান্য খেলোয়াড়রা বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে গত মৌসুমে কোচ রবার্তো মার্টিনেজের অধীনে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়া লুকাকু এবারো নিজের খেলাটা উপভোগ করতে চান। এভারটনের সাথে নিজের চুক্তি পাকাপোক্ত করার পরে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘এভারটনে স্থায়ীভাবে আসতে পেরে আমি দারুণ খুশী। গত মৌসুমে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। ম্যানেজার, চেয়ারম্যান, স্টাফ এবং খেলোয়াড় ও সমর্থকদের সাথে সম্পর্কটাও ভাল হয়েছে। পুনরায় এই দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি এবং একটি সফল মৌসুমের দিকে তাকিয়ে আছি।’ বাসস/বিবিসি স্পোর্ট