দিনাজপুরে এবার সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত আবাদ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:৫৮
দেশের অন্যতম ধান উত্পাদনকারী জেলা দিনাজপুরে চলতি রোপা আমন মৌসুমে ২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে ৬ লাখ ৬৪ হাজার টন চাল উত্পাদনের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে আবাদের কার্যক্রম। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান জানান, চলতি রোপা আমন মৌসুমে দিনাজপুরের ১৩টি উপজেলার ২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে উত্পাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এরমধ্যে ২ লাখ ৩২ হাজার হেক্টরে উফশী, ১৫ হাজার ৫শ’ হেক্টরে স্থানীয় এবং ২ হাজার ৩শ’ হেক্টরে হাইব্রীড জাতের আমন ধান চাষ করা হবে। উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চালের আকারে ৬ লাখ ৬৪ হাজার টন। এরমধ্যে ৬ লাখ ৩১ হাজার টন উফশী, ২৫ হাজার ৫শ’ টন স্থানীয় ও সাড়ে ৭ হাজার টন হাইব্রীড জাতের আমন ধান। গতবারের চেয়ে এবার ১১ হাজার ৫৬৬ হেক্টর জমিতে অতিরিক্ত আমন চাষের আওতায় নেয়া হয়েছে। এর ফলে উত্পাদন বাড়বে ১০ হাজার টন। গত মৌসুমে ২ লাখ ৫১ হাজার ৩শ’ হেক্টরে চালের আকারে আমন উত্পাদনের পরিমাণ ছিল ৬ লাখ ৯৪ হাজার টন। রোপা আমনকে কেন্দ্র করে জেলার সব জায়গায় কৃষকদের মাঝে জমিতে বীজ রোপণ শুরু হয়েছে। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার বীজতলাসহ বীজ রোপণে কৃষকদের সুবিধা হয়েছে। আমন ধান আবাদে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।