বর্ণিল ঈদ শোভাযাত্রা

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৪
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ঢাকাবাসী নামে একটি সংগঠন। গত বুধবার বিকালে শিশু একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঐতিহ্যবাহী এ সংগঠন দীর্ঘদিন ধরে ঈদের পরের দিন এ শোভাযাত্রার আয়োজন করে আসছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী কালাচাঁন ব্যান্ড পার্টির বাদক দলের বাজনার সঙ্গে প্রজাপতি, মাছসহ বিভিন্ন প্রতিকৃতি, পোস্টার বেলুন, ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় বৈচিত্র্যময়তার সৃষ্টি করেন অংশগ্রহণকারীরা। তারা ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেন। ঘোড়ার গাড়ি এতে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এ সময় পুরান ঢাকার কাসিদা পরিবেশন করা হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক, মহাসচিব শেখ খোদা বকস প্রমুখ অংশ নেন। কেমিক্যাল মিশ্রিত খাবার বর্জন করুন স্লোগানকে সামনে রেখে এবারের শোভাযাত্রা বের করা হয়। এ সময় বুড়িগঙ্গা রক্ষার দাবিও তোলা হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, যারা নদী দখল করে তাদের কোনো দল নেই। তারা ক্ষমতাসীনদের কাঁধে ভর করে দখলদারিত্ব চালিয়ে যায়। তাই ভবিষ্যত্ বংশধরদের বাঁচাতে বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। ঢাকায় খেলার মাঠ তৈরির পাশাপাশি যে মাঠগুলো রয়েছে সেগুলো রক্ষারও দাবি করা হয়। বক্তারা পরিকল্পিত শহরের গুরুত্ব তুলে ধরে বলেন, শহরের আধুনিকায়ন হবে। কিন্তু আধুনিকায়ন করতে গিয়ে শহরের প্রাণ, আত্মাকে হত্যা করা যাবে না। এটিকে বসবাসযোগ্য রাখার পাশাপাশি সুস্থ মানসিকতা গড়ে তোলার সহায়ক পরিবেশ রাখতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ঢাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।