ভুয়া ওয়ারিশ সেজে কাউখালী শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সম্পত্তি দখল করার অপচেষ্টার প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী গুরু সংঘ আশ্রম কর্তৃপক্ষের আহ্বানে থানা সংলগ্ন মুজিব চত্বরে কয়েক হাজার ভক্তবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, পূজা পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সমাজসেবক আঃ লতিফ খসরু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সুব্রত রায়, গৌতম কুমার দাস প্রমুখ।
শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের কোষাধ্যক্ষ বিপুল ঘোষ জানান, একটি প্রতারক চক্র আশ্রমের সম্পত্তির ওয়ারিশ দাবি করেছে। কিন্তু এখানে তাদের কোনো আইনগত অধিকার নেই বা তারা কোনো ওয়ারিশ নয়। আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ জানান যে, যে কোনো মূল্যে আশ্রমের এ সম্পত্তিতে অবৈধ দখলের অপচেষ্টা প্রতিহত করতে হবে।
