মনোহরগঞ্জে ডাক বিভাগে কোড বিড়ম্বনা

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৮
কুমিল্লার মনোহরগঞ্জে কোড বিড়ম্বনায় শতাব্দী কাল ধরে ভায়া হয়েই চলছে ডাক বিভাগের কার্যক্রম। উপজেলা গঠনের ১০ বছরেও চালু হয়নি সরাসরি ডাক যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ। রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। ডাক বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১‘শ বছরেরও বেশি সময় ধরে চাঁদপুর সাব-ডিভিশনের ৩৬২৩ নং কোডটি দিয়ে চলছে মনোহরগঞ্জ ডাক বিভাগ। উপজেলা গঠনের ১০ বছর পার হতে চললেও ডাক বিভাগের এ ভায়া গতির পরিবর্তন না হওয়ায় এখনো মনোহরগঞ্জ ডাক বিভাগের চিঠি আসে-যায় চাঁদপুরের চিতোষী হয়ে। অনেকেই অভিযোগ করেন ঢাকা-চট্টগ্রামে মানিঅর্ডার, জরুরী চিঠিপত্র যেতে প্রায় ৮/১০ দিন সময় লাগে। এ জনপদের অধিকাংশ প্রবাসী এখনো ডাক যোগাযোগের উপর নির্ভরশীল। তাদের পাঠানো ব্যাংক ড্রাফ্ট, চিঠিপত্র ও সরকারি-বেসরকারি চাকরির ইন্টারভিট কার্ড ও জরুরি ডাক যথাসময়ে হাতে না পাওয়ায় এ এলাকার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তা ছাড়া সঞ্চয়পত্র, পোস্টাল অর্ডার, ডাকবীমাসহ গুরুত্বপূর্ণ অন্যান্য কার্যক্রম চালু না থাকায় ডাক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।