কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপে গত বুধবার দুপুরে নৌকা পারাপারের সময় ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় ৪৯ জন যাত্রী তীরে উঠলেও এক শিশু নিখোঁজ ছিল। পরে রাত ৮টায় শাহিমা আক্তার (৮) নামে এক শিশুর লাশ কোস্টগার্ড উদ্ধার করে।
স্থানীয় ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, ৩০ জুলাই মকবুল আহমদ মাঝি নৌকার ৫০ জন যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ আসার পথে নৌকাটি ডুবে যায়। নৌকার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রীরা জানান।
যাত্রী মো. আব্দুল্লাহ জানান, বেড়িবাঁধ ভেঙ্গে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক পানির জোয়ারে তছনচ করে দিয়েছে। এই এলাকার লোকজনকে নৌকা দিয়ে পারাপার হতে হয়। কতিপয় ব্যক্তি সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিকুর রহমান জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
