বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১০
দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুরাদনগরে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে গত বুধবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকা ক্ষয়ক্ষতির আশংকা করছে স্থানীয়রা। জানা যায়, বুধবার সকালে বাজারের উত্তর অংশে একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মিষ্টি দোকানসহ ২০টি মুদি মালের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ২০টি দোকানের প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়। রামগঞ্জ বাজারে ১৩টি দোকান পুড়ে ছাই লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় পৌর শহর খাদ্য গুদাম চত্বর বাইপাস সড়কের ফল মার্কেটে অগ্নিকাণ্ডে ১৩টি আধাপাকা দোকানঘর মালমালসহ পুড়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। জানা যায়, মঙ্গলবার সকালে রামগঞ্জ বাজারের মেসার্স রাশেদ টেলিকমে শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী সুমাইয়া কনফেকশনারী, মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ, মামুদ ষ্টোর, হাকিম ছাতা ও ইলেক্ট্রিক ষ্টোর, মেসার্স সুমন ষ্টোর, মামুন এন্টারপ্রাইজ, সেবা মেডিক্যাল হল ও রাস্তার পাশের ফুড দোকান পুড়ে যায়। রামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নান্দাইলে ৬টি দোকান ভস্মীভূত ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা বাজারে গত বুধবার সকালে আগুন লেগে ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। জানা যায়, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঈদের বেচাকেনা শেষে দোকানিরা দোকান বন্ধ করে বাড়িতে ছিলেন। আড়াইহাজারে ২৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত বুধবার ভোরে উপজেলা সদরের দেবীপুরা গ্রামের ব্যবসায়ী জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্তের ভাই জানান, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে টিনশেড দালানের ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেসরকারি সংস্থা এফ এইচ পির ৮টি ফ্রিজ, ১৩টি টিভি, ৯টি সাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলীতে শত্রুতা করে ঘরে আগুন আমতলীর পশ্চিম চুনাখালী গ্রামে মঙ্গলবার ঈদের রাতে শত্রুতা করে ঘরে আগুন দেয়ায় অটো রিকশা চালক মো: নূরুজ্জামানের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে তার শিশুপুত্র মোহাম্মদ আলী এবং স্ত্রী আহত হয়েছে। প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে ৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।