সিলেট-আখাউড়া রেলপথে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৩
লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সিলেট-আখাউড়া রেলপথে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমের পর একটি গাছ উপড়ে রেলপথের উপর পড়ে। ফলে শ্রীমঙ্গল ষ্টেশনে সিলেট অভিমুখী সুরমা মেইল, সাতগাঁও ষ্টেশনে জালালাবাদ এক্সপ্রেস ও রশীদপুর স্টেশনে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। অপরদিকে শমশেরনগর স্টেশনে আখাউড়া অভিমুখী ডেমু ট্রেন আটকা পড়ে। রেলপথে পড়ে থাকা গাছটি কেটে সরানোর পর সকাল সাড়ে ৯টায় আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।