“পাখি” ড্রেস না পেয়ে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৩
ভারতীয় টিভি সিরিয়াল “বোঝে না সে বোঝে না” খ্যাত এবারের ঈদের জনপ্রিয় পোশাক “পাখি” ড্রেস না পেয়ে ঘিওরে গত বুধবার রাতে কীটনাশক পানে ছালেকা (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘিওর সদরের গোলাপনগর (বড় কৃষ্ণপুর) গ্রামের মো. জিল্লুর রহমান ওরফে জিল্লু কসাইয়ের মেয়ে ছালেকা এবার ঈদে পাখি ড্রেসের জন্য বায়না ধরে। ছালেকার দরিদ্র পিতা সামর্থ্যের মধ্যে মেয়েকে একটি ড্রেস কিনে দেয়। কিন্তু কমদামী এ ড্রেস ছালেকার পছন্দ হয়নি। এ নিয়ে সে পিতামাতার ওপর অভিমান করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বুধবার রাত ২টায় ছালেকার মৃত্যু হয়। ছালেকা স্থানীয় এক মাদ্রাসার ছাত্রী ছিল। ঘিওর থানার এস.আই হাসমত উল্লাহ জানান, এ ব্যাপারে ঘিওর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।