মিরসরাই উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব নুরুল করিমকে (৫৩) উপর্যুপরি কুপিয়েছে ছাত্রলীগ কর্মীরা। গত বুধবার রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের মিঠানালা গ্রামের আমির আলী মুহুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। মারাত্মক অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল কবির জানান, বুধবার রাত নয়টার দিকে স্থানীয় ছাত্রলীগের ১৪-১৫ জন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তার (নুরুল করিম) ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, জামায়াত নেতার উপর হামলার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি।
