চন্দনাইশে দুই অপহরণকারী আটক

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি থেকে গতকাল বৃহস্পতিবার অপহরণ মামলার মূল দুই  রোহিঙ্গা আসামি রহিমউল্লাহ (২২) ও আমানউল্লাহকে (৩৫) আটক করতে সক্ষম হলেও অপহূত শিশু রিয়াজকে (৯) উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে শিশু রিয়াজকে (৯) অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা জকরিয়া বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ মোবাইল ট্র্যাকিং মাধ্যমে কক্সবাজার জেলার রামু উপজেলার কুরুজখুলস্থ একটি বিকাশের দোকানে মুক্তিপণের টাকা নিতে আসলে ওতপেতে থাকা পুলিশের লোকজন হাতেনাতে রহিমউল্লাহকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে তারই ভগ্নিপতি আমানউল্লাহকে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। চন্দনাইশ থানা ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।