আওয়ামী লীগ নেতা মোশাররফ আর নেই

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৬
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ডা. মোশাররফ হোসেন হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুরে রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণাগ্রহী রেখে গেছেন। বিকাল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার পক্ষে মো. নূরুল ইসলাম তালুকদার এমপি, চিফ হুইপ আ স ম ফিরোজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে মোশাররফ হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ১৯৭০’র নির্বাচনে বিজয়ী মোশাররফ হোসেন মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন। দেশের জন্য কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। মোশাররফ হোসেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুনন্নেছা মোশাররফের স্বামী।