বিশ্বের শান্তিকামী কোটি কোটি মানুষের প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনের অলৌকিক শিশুটি শেষ পর্যন্ত মারা গেছে। গত রবিবার অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ্? শহরে ইসরাইলের বিমান হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারান আট মাসের গর্ভবতী মা শায়মা আসু শেখ কানান (২৮)। এ অবস্থায় দ্রুত জরুরি সিজারিয়ান অপারেশন করে তার গর্ভস্থ মেয়ে শিশুটির জীবন রক্ষা করেন চিকিত্সক দল।
রেডিও তেহরান জানায়, শহীদ মায়ের নামে এ মেয়ের নাম রাখা হয়েছিল শায়মা। অপরিপক্ব শিশু শায়মাকে বাঁচিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেন গাজার সাহসী চিকিত্সকরা। অপরিপক্ব শিশুকে স্বাভাবিক পরিস্থিতিতেই বাঁচিয়ে রাখতে ব্যাপক আয়োজনের দরকার পড়ে। কিন্তু অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত গাজায় সে ধরনের সহায়তা করার সুযোগ ছিল কম। কিন্তু তারপরও হাল ছাড়েননি চিকিত্সক দল। তিন দিনের মাথায় চিকিত্সকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার না ফেরার দেশে আগেই চলে যাওয়া মায়ের কাছে ঠাঁই নেয় শায়মা। গোটা বিশ্বমিডিয়া খবরটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
