দেশের বিভিন্ন স্থান থেকে দুই নবজাতকসহ ছয়জনের লাশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ায় আবদুস ছোবহান (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পাকুন্দিয়া বাজারের একটি ফলের দোকান থেকে লাশ উদ্ধার করে। নিহত আবদুস ছোবহান চরপাকুন্দিয়া গ্রামের মৃত আ. ওয়াহিদের ছেলে।
বীরগঞ্জ (দিনাজপুর): বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া দেবীপুর (বালাপাড়া) নামক স্থান থেকে বৃহস্পতিবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন— বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর (বালাপাড়া) গ্রামের রাজেন্দ্র চন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় মাজু ও ৫নং সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. আজাহরুল আলী ছেলে মো. হানিফুর রহমান।
কালিহাতী (টাঙ্গাইল): কালিহাতী উপজেলার এলেঙ্গা ভূঞাপুর সড়কের তাতীহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজন প্রথমে রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো শিশুটিকে দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি রেলস্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার দিকে। রনি পাঁচবিবি শহরের চাতাল পট্টি এলাকার আহাদ আলীর ছেলে।
মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে বৃহস্পতিবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরাতন থানা সংলগ্ন খেয়াঘাটের সন্নিকটে নদীতে নবজাতক শিশু পুত্রের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে ৫/৬ মাসের এ নবজাতকের লাশ নদীতে ফেলে দিয়েছে বলে মনে হচ্ছে।
