সবার গন্তব্য ছিল ওভাল

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৩

এই শহরে ক্রিকেট বিশ্বকাপের মত একটি বিশাল যজ্ঞানুষ্ঠান চলছে সেটা লন্ডনের আর কোনো প্রান্তে বসে বোঝার উপায় নেই। তবে জায়গাটার নাম ওভাল বলে কথা। এখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ক্রিকেট মাঠ কেনসিংটন ওভাল। ১৭৪ বছরের পুরানো এই মাঠেই কাল ছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

সকালে ‘ভক্সল’ আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে চলন্ত সিঁড়ি বেয়ে বাইরে আসার পরই এক অভাবনীয় দৃশ্য। চারদিক লোকে লোকারণ্য। হাজার হাজার মানুষ ছুটছে ওভালের দিকে। যে ইংরেজরা পাশ দিয়ে যাওয়ার সময় গায়ের সামান্য বাতাস লাগলেও দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়, তাদেরই আজ অন্য আচরণ। একে অপরকে পেছনে ফেলে সামনের দিকে ছুটছে সবাই। কারো কোনো দিকে তাকানোর সময় নেই। গন্তব্য তাদের একটাই। আর তা হলো- ওভাল। কে কার আগে মাঠে প্রবেশ করতে পারবে, সেটারই যেন প্রতিযোগিতা শুরু হয়েছে।

ওভালে যাওয়ার রাস্তা সবারই জানা। তবু রাস্তার বাঁকে বাঁকে স্বেচ্ছাসেবকরা পথ দেখাচ্ছেন। তাদের মুখে মিষ্টি হাসি। অনেক প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা চকোলেট, চা বা কফির ক্যান বাড়িয়ে দিচ্ছেন পথচারীদের দিকে। তবে এগুলো স্রেফ সৌজন্য উপহার। বিনিময়ে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। খাদ্যসামগ্রীর পাশাপাশি নানা উপহারও দেওয়া হচ্ছে। যার মধ্যে বই, ব্যাগ এবং দৈনিক পত্রিকাও রয়েছে।

মানুষের মিছিল শুরু হয়েছে ট্রেন বা বাস স্টেশন থেকেই। তবে কোথাও ছিল না কোনো বিশৃঙ্খলা। স্টেডিয়ামের গেটের সামনে বড়সড় জটলার মত হলেও পুলিশ তা ভালোমতই সামাল দিয়েছে। বাড়তি কাজ দেখানোর জন্য কোনো রাস্তায় তারা যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশ দেয়নি। ভিআইপি গাড়ির জন্য নেই কোনো বাড়তি সতর্কতা। সবাই যে যার আপন গতিতে ছুটে চলছে। ঢাকা, চট্টগ্রামে ওডিআই বা টেস্ট সিরিজ হলেই স্টেডিয়ামের আশেপাশের সড়কে গাড়ি চলতে দেয় না পুলিশ। মানুষের ভোগান্তির কথা তারা ভেবেও দেখে না।

ক্রিকেট ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই ওভাল। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, মাইকেল হোল্ডিং, মুত্তিয়া মুরালিধরনসহ আরো অনেক কিংবদন্তি ক্রিকেটার এই মাঠে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৯৯ বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল ওভাল গ্রাউন্ড। এছাড়া ২০০৯ সালে আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ ও ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যুও ছিল সুপ্রাচীন এই মাঠ। বিশেষ করে ২০১৭ চ্যাম্পিয়স ট্রফিতে ভারত পাকিস্তানের স্মরণীয় ফাইনালটিও হয়েছিল ওভালে।  

এবারের বিশ্বকাপে ফাইনালসহ মোট ম্যাচ সংখ্যা ৪৮। ইংল্যান্ড ও ওয়েলসের ১১টি ভেনুতে ম্যাচগুলো হবে। এর মধ্যে ওভালে খেলা হবে সব মিলিয়ে ৫টি। সুখের বিষয় হচ্ছে, ৫টি ম্যাচের মধ্যে দুটিতেই খেলবে বাংলাদেশ।

এখানে বাংলাদেশের প্রথম খেলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুন। ৫ জুন পরের ম্যাচটি টাইগাররা খেলবে নিউজিল্যান্ডের সাথে।