হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাক গ্রামে মাজারের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টায় শুরু এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাজল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীঘলবাক গ্রামের সাববাড়ি মাজারের জায়গা নিয়ে সাহেব বাড়ি গোষ্ঠীর জানু মোহাম্মদ এবং পঞ্চায়েত পক্ষের ডা. শাহিদ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার সকালে এ জায়গার মালিকানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাদ জুমা উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে তোতা মিয়া ঘটনাস্থলেই নিহত ও উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
