তিন টাকার খাম কিনতে ৩০ টাকা খরচ!

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:২২
তিন টাকার ডাক বিভাগের একটি খাম কিনতে খরচ হচ্ছে ৩০ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, দিনাজপুরের ফুলবাড়ি পৌর শহরের ৯০ ভাগ লোককে ৩ টাকা মূল্যের একটি খাম কিনতে স্থানীয়দের খরচ করতে হচ্ছে ৩০ টাকা। খরচ বেশি হওয়ার কারণে উপজেলা ডাকঘরের খাম বিক্রিসহ আর্থিক লেনদেনও কমে গেছে আগের চেয়ে। স্থানীয়দের অভিযোগ, এ অবস্থার জন্য খোদ ডাক বিভাগই দায়ী। জানা যায়, উপজেলা ডাকঘরটি শহরের প্রাণ কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। শহরের ৯০ ভাগ লোককে ৩ টাকা মূল্যের একটি খাম কিনতে রিকশা ভাড়া গুণতে হচ্ছে ৩০ টাকা। এ কারণে শহরের লোকজন ডাক বিভাগের ওপর নির্ভর না করে স্থানীয় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে ডাক বিভাগ প্রতি বছর বিপুল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম বলেন, ইতোপূর্বে এলাকাবাসী শহরের মধ্যে একটি শাখা ডাকঘর খোলার জন্য ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কাজ হয়নি। ফলে স্থানীয়রা ডাকঘর বিমুখ হয়ে পড়েছেন। পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, সংবাদকর্মীরা দীর্ঘদিন থেকে পৌর শহরের প্রাণ কেন্দ্রে শাখা ডাকঘর স্থাপনের জন্য পত্র-পত্রিকায় লেখালেখি করলেও নজর পড়েনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অথচ পৌর শহরের প্রাণ কেন্দ্রে একটি শাখা ডাকঘর স্থাপন করা হলে ডাক বিভাগের রাজস্ব কয়েকগুণ বেড়ে যাবে।