জমে উঠেছে বুচনা জালের বাজার

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:২৫
দক্ষিণাঞ্চলের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে এলাকার ঘের, পুকুরে চাষাবাদকৃত মাছ ভেসে গেছে জোয়ারের পানিতে। তাই ভেসে যাওয়া মাছ গ্রামীণ জনপদের বিভিন্ন জলাশয়ে অবস্থান করছে। বর্তমানে পূর্ণিমার জোয়ারের পানি নামতে শুরু করায় উপকূলীয় এলাকায় মাছ শিকারের মহা-উত্সবে মেতে উঠেছে নিম্নআয়ের মানুষরা। আর মাছ শিকারের অন্যতম ফাঁদ হচ্ছে বুচনা জাল। তাই বুচনা জালের উপর নির্ভর করছে মাছ শিকারীরা। বুচনা জাল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই জালের ব্যবহার উপকূলীয় এলাকায় অনেক বেশি। এ ধরনে নিষিদ্ধ জালে একসময় দেশীয় প্রজাতির মাছ অনেক ধরা পড়ত। কিন্তু বর্তমানে সেই দেশীয় প্রজাতির মাছ অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই এই জালে চাষ করা মাছই ধরা পড়ছে নিয়মিত। গতকাল শনিবার দক্ষিণের ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়ায় হাটের দিন থাকায় বিভিন্ন স্থান ঘুরে বুচনা জাল জমজমাট বেচা-কেনার দৃশ্য চোখে পড়ে। জাল বিক্রেতা জালাল জানান, আমি প্রায় একযুগেরও বেশি সময় ধরে বুচনা জালসহ বিভিন্ন প্রকারের পুরোনো জাল বিক্রি করে সংসার চালাই।