মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সির হাট মহল্লায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওই মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুম আলী (২০) নেশার টাকার জন্য তার মাকে মারপিটসহ দীর্ঘদিন ধরে নানাভাবে মানসিক নির্যাতন করে আসছিল। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অবশেষে আদরের পুত্রকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হাতে তুলে দিলেন রোখসানা বেগম। মাসুমের মা এ সময় দুঃখ করে বলেন, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে সে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে চুরিও করে এবং নিরীহ লোকজনকে মারপিট দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিন গাঁজা বহন করার অপরাধে মাসুমকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, মা রোখসানার অভিযোগে মাসুমকে আটক করা হয়। এবং তার কাছে মাদকদ্রব্য পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন।
