সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩১
সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রানা (২৭) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই রনি। নিহত রানা সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। আহত রনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে প্রতিপক্ষের হামলায় রানা আহত হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে বিকাল চারটার দিকে সে মৃত্যুবরণ করে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের মতলেব হাজি ও হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমির গাছ কাটতে গেলে মতলেব হাজির গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে রানা ও রনির উপর হামলা করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।