ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা লিচুতলা বাজার সংলগ্ন আরাফাত মাদার গার্ডেনে ৯০টি মালটা গাছে এখন থোকায় থোকায় ফল । মুক্তাগাছা শহরের বড়মসজিদ মার্কেটের ফুল ব্যবসায়ী মো: আহসানউল্লাহ তৌহিদ গার্ডেনটির মালিক । তিনি ব্যবসার পাশাপাশি পৈতৃক সাড়ে ১৬ কাঠা জমিতে নার্সারীর মাধ্যমে শুরু করেন মিশ্র ফলের চাষাবাদ ।
২০০৭ সালে পার্শ্ববর্তী বনরুপা নার্সারী থেকে ১০টি চারা সংগ্রহ করে চাষ করেন । ৩ বছর পর গাছে ২/৪টি ফল ধরতে দেখে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় । এরপর কলমের মাধ্যমে বাড়াতে থাকেন মালটা গাছ । বর্তমানে তার বাগানে দেশি উন্নত জাতের ৬০টি এবং থাই ওয়ান জাতের ৩০টি মালটা গাছের প্রায় প্রতিটিতেই থোকায় থোকায় ফল । গত বছর বাগান থেকে ১মণ ১০ কেজি মালটা সংগ্রহ করেছেন । এবছর ঐ গাছের ৩ গুণ বেশি ফলন আশা করছেন বাগান মালিক ।
বাজারে প্রতিকেজি মালটা ১শ’ ৬০ টাকা থেকে ১শ’৮০ টাকা দরে বিক্রি হয়ে থাকে । মালটার পাশাপাশি তিনি বাগানে রোপণ করেছেন, ১শ’টি দার্জিলিং জাতের কমলা লেবু , পেঁপে , জামরুল , বেগুন , কুমড়া , ঝিঙ্গা , শশা, তেজপাতাসহ অনেক জাতের সাথী ফসল। বাগান মালিক তৌহিদ জানান , ২০১৩ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফল প্রদর্শনীতে প্রথম পুরস্কার প্রাপ্তির পর থেকে ফল চাষের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন জাগে । এখন স্বপ্ন পূরণের পালা ।
