বাঘার এতিহাসিক ঈদ মেলায় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে এবার সার্কাস প্যান্ডেলে আনা হচ্ছে চিত্র নায়ক ওমর সানী ও নবাগত চিত্র নায়িকা রুনাকে। আজ শনিবার থেকে দুইদিনের জন্য এখানে আসছেন তারা।
জানা যায়, প্রতিবারের ন্যায় রাজশাহীর বাঘায় এবারও অনুষ্ঠিত হচ্ছে প্রায় ৫শ’ বছরের ঐতিহ্যপূর্ণ ঈদ মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের দিন থেকে শুরু হয়েছে সার্ফ গেমস পুরস্কার প্রাপ্ত ‘দি নিউ স্টার সার্কাস’। এরা প্রতিদিন চারটি করে শো প্রদর্শন করে। সেই সাথে রাত ১২ টার পর অনুষ্ঠিত হচ্ছে যাত্রা পালা। স্থানীয়রা বলছেন, ঈদের দিন থেকে চালু হওয়া এই সার্কাসে দিন যত এগিয়ে যাচ্ছে লোক সংখ্যা ততই কমছে। আর এই কমানো ঠেকাতে সার্কাস কর্তৃপক্ষ বিশেষ আকর্ষণ হিসাবে প্যান্ডেলে উপস্থিত করছেন চলচ্চিত্রের সুপারহিট নায়ক-নায়িকাসহ স্বনামখ্যাত শিল্পীদের। এতে প্রতিদিনই লোকসংখ্যা বাড়ছে।
