চট্টগ্রামের মিরসরাইয়ে দুই পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. লিটন নামে এক যুবক খুন হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিপক্ষের কোপের আঘাতে আহত হয়ে রাত ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় আরো আহত হয় রফিক ও রহিম নামের দুই সহোদর।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন ঘটনাস্থল থেকে এলাকাবাসী দুই হামলাকারীকে ছোরাসহ ধরে গণধোলাই দিয়ে আটকে রাখলে উপজেলা আওয়ামী লীগের একজন নেতা পুলিশ আসার আগেই তাদের ছাড়িয়ে নেন।
জানা গেছে, গ্রামের চকিদার বাড়ির খোরশেদ আলম ও শাহ্ আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে শাহ্ আলমের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটে লোক খোরশেদ আলমের পরিবারের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তার ছেলে মো. লিটন, ভাতিজা সুজন ও নয়ন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাস্তান নগর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় লিটনকে চমেকে ভর্তি করায়। ওইদিন রাত ১টার দিকে লিটন চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
