কাজীপুরে বরাদ্দের অভাবে রাস্তার কাজ বন্ধ

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩১
প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী স্পার থেকে পাটাগ্রাম স্পার পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তার কাজ মাঝপথে থমকে আছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ না হওয়ার আশংকা রয়েছে। সময় মত কাজ শেষ করতে না পারলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রায় ২ শ’ পরিবারের বসতবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। রাস্তাটির কাজ পাটাগ্রাম স্পারের প্রায় ৭ শ’ গজ উজানে এসে বন্ধ রয়েছে। সিংড়াবাড়ির সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, রাস্তার কাজ সম্পন্ন হলে একদিকে বসতবাড়িতে পানি উঠবে না। অন্যদিকে প্রায় ২শ’ বিঘা জমিতে একাধিক ফসল করা সম্ভব হবে। প্রকল্পের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, এলাকাবাসীর দুঃখ-কষ্টের কথা বিবেচনায় এনে সাবেক এমপি তানভীর শাকিল জয়ের সহযোগিতায় ৩ লাখ টাকা সরকারি বরাদ্দ পেয়ে কাজ শুরু করেছিলাম। ইতিমধ্যে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। ফলে অর্থাভাবে রাস্তার নির্মাণ কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। নতুন বরাদ্দ পেলে বাকি কাজ দ্রুত শেষ করা হবে।