কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে রাস্তা শূন্যের উপর ঝুলে আছে। রাস্তা থেকে বোঝা না গেলেও রাস্তার নিচে নামলেই চোখে পড়বে শূন্যের উপর রাস্তা ঝুলে আছে। এই ঝুঁকিপূর্ণ রাস্তার উপর দিয়ে প্রতিদিন শতশত ভারি যান চলাচল করছে। আর উপর থেকে ধস চোখে না পড়ায় যে কোন মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কিছু কিছু স্থানে স্থানীয় জনগণ নিজ উদ্যোগে ধস এলাকায় দুর্ঘটনা এড়াতে সতর্কতা স্বরূপ লাল পতাকা তুলে দেন।
কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা বলেন, ভাঙ্গন ছাড়াও পাহাড় ধসের কারণেও কাপ্তাই মহাসড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই বিভিন্নস্থানে পাহাড়ের ধস নামে। রাস্তার উপর এক হাঁটু কাদা-মাটি জমে যায়।
ঐসব স্থান দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলেও তিনি জানান। উপজেলার শীলছড়ি এলাকায় অবস্থিত ১৫ আনসার ব্যাটালিয়নের সামনের সড়কে প্রায় সময় পাহাড়ের মাটি এসে জমা হয়। আনসার সদস্যরা নিজ উদ্যোগে জনস্বার্থে অনেক সময় রাস্তার মাটি সরিয়ে দেন। কিন্তু কাজটি হলো সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু তাদের একাজে সহায়তা করতে দেখা যায় না। উপজেলার হাজির টেক, শীলছড়ি বাজার, চিত্মরম, ব্যাংছড়ি, জাতীয় উদ্যানসহ আরো অনেক স্থানে রাস্তার উপর পাহাড় ধসের মাটি জমে সড়কে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
