খুলনায় আলোচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার খুলনার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শেখ শাহজাহান খুলনার মুখ্য মহানগর হাকিম শেখ আব্দুল আহাদের আদালতে এ সম্পূরক চার্জশিট দাখিল করেন।
সিআইডির সম্পূরক চার্জশিটে যাদের আসামি করা হয়েছে তারা হলেন- খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, ইকরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন রাজু, ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলি শিকদার, মো: মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ। এ ছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এস. এম মেজবাহ হোসেন বুরুজের নাম চার্জশিটে থাকলেও তাদের অব্যাহতির বিষয়টি আদালতের বিবেচনাধীন রাখা হয়েছে।
এর আগে ২০১৩ সালের ১০ অক্টোবর খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ নাফিউর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৭ অক্টোবর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
দাখিলকৃত চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি মোঃ একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন রাজু, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ, ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির ও লিয়াকত আলী শিকদারের বিরুদ্ধে সরাসরি হত্যাসহ হত্যা মিশনে অংশগ্রহণের অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ আনিসুর রহমান পপলুর বিরুদ্ধে শহীদ ইকবাল বিথার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী, সমন্বয়কারী, পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতা হিসাবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এস. এম মেজবাহ হোসেন বুরুজের বিরুদ্ধে তদন্ত ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে ইতিপূর্বে দাখিলকৃত চার্জশিটে তাদের নাম থাকায় আইনগতভাবে সম্পূরক অভিযোগপত্রে এ দুইজনের নাম বাদ দেয়ার কোন অবকাশ নেই বলে উল্লেখ করা হয়। চার্জশিটে এ দুইজনের ব্যাপারে আরো বলা হয়, তাদের অব্যাহতির বিষয়টি বিজ্ঞ আদালতের সুবিবেচনাধীন রাখা হয়েছে। এছাড়া গত বছরের ৩০ অক্টোবর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে চার্জশিটভুক্ত আসামি মাসুদ রানা ওরফে রানাকে। এ কারণে তার নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে।
চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়েছে মনিরুল ইসলাম, আসাদ শেখ, মোকলেছুর রহমান ওরফে পিন্টু, শাহজাহান মিয়া, শেখ মো: ইমরান, হারুন অর রশিদ ওরফে মন্টু শিকদার, জাকির হোসেন, নিশার ইমাম বাপ্পী, ফরিদ আহমেদ ও শরীফ মঞ্জুর হাবিব ওরফে খোকন ওরফে কালা খোকন।
